বিয়ের পর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে তাঁদের কথোপকথনের একটি অংশ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। এবার স্বামী বিজয়ের পাশে দাঁড়িয়ে সমালোচনার জবাব দিয়েছেন রাশমিকা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিজের জীবনসঙ্গীকে নিয়ে তিনি গর্বিত ও মুগ্ধ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে রাশমিকা বলেন, তাদের সম্পর্ক নিয়ে অনলাইনে যেসব আলোচনা চলছে, তার অনেকটাই মূল বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা না করেই করা হচ্ছে। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনার জবাব দিতে আগ্রহী নন তিনি। তবে এবার বিষয়টি সীমা ছাড়িয়ে গেছে বলেই মুখ খুলেছেন এই অভিনেত্রী।
বিতর্কের সূত্রপাত করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে। সেখানে রাশমিকা জানিয়েছিলেন, একবার বিমানবন্দরে বসে তিনিই প্রথম বিজয়ের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিজয়কে একশবার পর্যন্ত বলতে হয়েছিল তাকে। পরে রাশমিকা ব্যাখ্যা করেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় এক বছর ধরে তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
তবে রাশমিকার ভাষ্য, তাদের আলোচনার মূল বিষয় ছিল না কে কতবার বিয়ের কথা বলেছেন কিংবা সিদ্ধান্ত নিতে কার কতটা সময় লেগেছে। বরং একে অপরকে বোঝা, জীবনের নানা পরিস্থিতিতে পাশে থাকা এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার বিষয়ে নিশ্চিত হওয়াই ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ।
নিজেদের স্বভাবের পার্থক্য তুলে ধরে রাশমিকা বলেন, দুজনের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হলেও তা একে অপরের পরিপূরক। তিনি আবেগ দিয়ে ভাবেন, অন্যদিকে বিজয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব দিকগুলো বিবেচনা করেন। তার মতে, সম্পর্কের ক্ষেত্রে দুজনের এই ভিন্ন বৈশিষ্ট্যই তাঁদের একসঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে।
বিয়ে নিয়ে প্রচলিত রোমান্টিক ধারণার বাইরেও নিজের ভাবনা তুলে ধরেছেন রাশমিকা। তার কাছে বিয়ে কেবল আংটি পরানো কিংবা হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়ার আনুষ্ঠানিকতা নয়; বরং একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার।
বিজয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাশমিকা বলেন, ‘আমি আমার মানুষটাকে নিয়ে ভীষণ মুগ্ধ। এটা কখন থেকে খারাপ কিছু হয়ে গেল?’
বিজয়কে বারবার বিয়ে করতে রাজি বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, এমন একজন মানুষ খুঁজে নেওয়া উচিত, যিনি ভালোবাসা দিয়ে সম্পর্ককে এমন সুন্দর করে তুলবেন যে বিয়ের পরও তাকে আবার বিয়ে করতে ইচ্ছা করবে। রাশমিকার ভাষায়, তিনি বিজয়কে হাজারবার বিয়ে করতেও রাজি; সেখানে ১০০ বার তো কিছুই না।
সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত পরামর্শ দেওয়া ব্যক্তিদেরও জবাব দিয়েছেন রাশমিকা। জীবনের কঠিন সময়ে বিজয় তাঁর পাশে ছিলেন এবং এখনো আছেন বলে জানিয়েছেন তিনি। নিজের বর্তমান জীবন নিয়েও সন্তুষ্ট এই অভিনেত্রী। তাঁর কথায়, তিনি সুখী, পরিতৃপ্ত এবং নিজেকে ভাগ্যবান মনে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ধারণার পরিবর্তে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশমিকা। স্বামীর পক্ষে কথা বলতে গিয়ে নারীবাদ প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রাশমিকা বলেন, আমাকে নিয়ে যত খুশি সমালোচনা করুন। আমি নিতে পারব। কিন্তু আমার পরিবারকে না জেনে তাদের নিয়ে কথা বলা নারীবাদ নয়। এটা নারীবাদের আড়ালে হয়রানি। রাশমিকার মতে, নারীবাদের মূল কথা অন্যকে ছোট করা কিংবা নারী-পুরুষের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা নয়; বরং নিজের জীবন নিজের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা।
এদিকে, বিজয় দেবেরাকোন্ডাও ট্রলকারীদের কড়া জবাব দিয়েছেন। বিজয় রাশমিকার সঙ্গে ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করেছেন। তিনি রাশমিকার সঙ্গে একটি কিউট ভিডিও শেয়ার করেছেন। অভিনেতা এর ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী। আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি, যাকে আমি একদম সঠিকভাবে বেছে নিয়েছি। যারা বিরক্ত হচ্ছেন, তাদের জানিয়ে রাখি যে আমরা দুজনেই খুব সুখে আছি।’
তিনি আরও লেখেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যদি পুরো পৃথিবী একদিকে থাকে আর আমরা দুজনে অন্যদিকে, তবে সেটাই সই। সেই সমস্ত মানুষকে অনেক ভালোবাসা যারা ভালোবাসাকে উদযাপন করেন এবং সহজ-সরলভাবে আনন্দের সঙ্গে জীবনযাপন করেন। আর এখন কোনো রকম খাতির বা সম্মান ছাড়াই বলছি, বাকি সবাই জাহান্নামে যাক!’
সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন
৫ ঘন্টা আগে
২৬ অক্টোবর ২০২৬
২৪ অক্টোবর ২০২৬
