Published : 27 Oct 2026, 07:22 PM
Updated : 27 Oct 2026, 07:22 PM
মণিপুরি রাসলীলার শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের ঝাপেরগাঁও গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
কৃষ্ণকুমারী সিনহার মৃত্যুর খবর দিয়ে মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, “কৃষ্ণকুমারী সিনহা গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মাস কয়েক আগে খাট থেকে পড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মাধবপুর গ্রামে মণিপুরিদের মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।”
কৃষ্ণকুমারী সিনহা ছিলেন মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী। সারারাত ধরে পরিবেশিত ধ্রুপদি এই আয়োজনে কয়েকশবার তিনি নেপথ্য গায়নে অংশ নেন। পরবর্তীতে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। মহারাসলীলাসহ বহু রাস পরিচালনা করেছেন তিনি।
এ ছাড়া দিবারাস, রাখাল রাস, বাসক পালা, খুবাকুশি, উদুখল রাস, নৌকাবিলাস ও মাথুর পালাসহ নানা পরিবেশনায় তার অংশগ্রহণ ও নির্দেশনা মণিপুরি সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছে। দীর্ঘ ক্যারিয়ারে শিক্ষাদানের মধ্য দিয়ে তিনি তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।
শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পুরস্কৃত এবং সম্মানিত হয়েছেন এই শিল্পী।
মণিপুরি থিয়েটারের জন্মলগ্ন থেকেই পরামর্শক, শিক্ষক ও নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন কৃষ্ণকুমারী সিনহা। ভারত ও বাংলাদেশের মণিপুরি সমাজে তিনি ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব
তার মৃত্যুতে মণিপুরি থিয়েটার, থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
