‘হয় অর্থ, নয় রক্ত’
স্বাস্থ্য কর্মকর্তাকে চাঁদার জন্য প্রাণনাশের হুমকি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে ‘হয় অর্থ, নয় রক্ত’ দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
গতকাল ২৬ অক্টোবর পাইকগাছা থানায় এ অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আসলাম শিকদার নামে এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে কল করেন। এ সময় নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন তিনি। তার পূর্ণ পরিচয় জানতে চাইলে শুধু নিজের নাম ও দলের নাম জানান।
অভিযোগ অনুযায়ী, ফোনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হলেও নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’। অর্থাৎ, তাকে অর্থ দিতে হবে, অন্যথায় রক্ত ঝরবে বলে হুমকি দেওয়া হয়।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তা থানায় অভিযোগ করার কথা বললে অপর প্রান্ত থেকে তাকে বলা হয়, থানায় কেন, এসপির কাছে তার নাম বলতে। প্রয়োজনে তাকে বা তার পরিবারের সদস্যদের রাস্তা থেকে তুলে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ধরনের প্রকাশ্য প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই কর্মকর্তা।
আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান আহসানারা বিনতে আহমেদ। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সহায়তা পেতে তিনি সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবীর জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, হুমকি দেওয়ার ফোনটি গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে করা হয়েছিল।
ওসি আরও জানান, বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…