কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। প্রায় দুই মাস ধরে সড়কটি কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। চিৎলিয়া, জাঙ্গালিয়া, যোগিবিলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গকঊ-গগঅ-ঘঝঞ ঔঠ প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার মুস্তাফিজুর রহমান।
সরেজমিনে দেখা যায়, পুরোনো কালভার্টটি ভাঙার কাজ করছেন মাত্র দুজন শ্রমিক। মানুষের চলাচলের সুবিধার্থে পাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ডাইভারশন। কিন্তু সেটির বাঁশ ভেঙে যাওয়ায় বর্তমানে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। ছনছড়া সিএনজি স্ট্যান্ডের বর্তমান সভাপতি সুফি মিয়া বলেন, প্রায় দুই মাস ধরে কালভার্ট ভেঙে অস্থায়ী ডাইভারশন তৈরি করে রাখা হয়েছে। কিন্তু সেটিও ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে মেরামত করে কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন। দ্রুত কালভার্ট নির্মাণকাজ শেষ করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে ঠিকাদার মুস্তাফিজুর রহমান বলেন, পুরোনো কালভার্টটি ভাঙার কাজ সম্পন্ন না হওয়ায় নতুন কালভার্ট নির্মাণের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ডাইভারশনের বাঁশ ভেঙে গেছে। পুনরায় বাঁশ লাগানোর ব্যবস্থা করা হবে। তবে এটি স্থায়ী কোনো সমাধান নয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কালভার্ট নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে।
তবে স্থানীয়দের প্রশ্ন, ৪০ লাখ টাকা বরাদ্দের প্রকল্পের কাজ প্রায় দুই মাসেও দৃশ্যমান অগ্রগতি পায়নি কেন? আর মাত্র এক মাস ১০ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করা কতটা সম্ভব? কবে নাগাদ স্বাভাবিক হবে কয়েক হাজার মানুষের যাতায়াত।
