বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এবং মানোন্নয়নে ভিত্তি হিসেবে কাজ করবে।
আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিনের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, বহু বছর ধরে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে, আন্দোলনের সময়েও ডিআরইউর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে তাঁর এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
বর্তমান প্রেক্ষাপটে নীতি-নৈতিকতার অবক্ষয় ও মোরাল কম্পাস প্রশ্নবিদ্ধ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট শুধু সাংবাদিকদের নয়; রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও কমবেশি বিদ্যমান। তবে অনেক সাংবাদিক আছেন, যাঁরা সমাজে ‘অনেস্ট ব্রোকার’ বা সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।
তিনি বলেন, সত্য তুলে ধরে জনগণকে অবগত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্যানেলের মাধ্যমে আজকের এই পুরস্কার প্রদান সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
অর্থমন্ত্রী বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সিটিজেন জার্নালিজমের উত্থানে গণমাধ্যমের পরিধি অনেক বেড়েছে। ফলে সাংবাদিকতার ক্ষেত্র অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব।
এই জটিল বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য ও ক্রেডিবল করা সময়ের দাবি।
রাজনীতিবিদ ও সরকারের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ওপেন গভর্ন্যান্স বা খোলামেলা শাসনব্যবস্থার জন্য সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ, আর স্মার্ট রাজনীতি করতে চাইলে সেই সমালোচনাকে কাজে লাগানো সহজ হয়।
তিনি বলেন, একজন মন্ত্রী বা সরকার হিসেবে নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক ফিডব্যাক থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ইন্টিগ্রিটি বজায় রাখা দরকার।
নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে, বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে।
তিনি সব পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে অভিনন্দন জানান এবং এই উদ্যোগ সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইসিজের রোহিঙ্গা গণহত্যা রায়ের পর উদ্যোগ নেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পাকিস্তান সফর, বক্তব্যের প্রতিক্রিয়া ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।
সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে এবং সেন্ট মার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নিষিদ্ধ থাকবে।
জাতীয় প্রেস ক্লাবে কমরেড মোহাম্মদ তোয়াহার স্মরণসভায় দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, আধিপত্যবাদ ও সার্বভৌমত্ব রক্ষায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বঙ্গভবনে ডিজাব প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতার নিন্দা এবং পার্বত্য চট্টগ্রাম, রোহিঙ্গা ও নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তরুণদের নেতৃত্ব ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
গণনৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
