অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
-->ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজী দিয়েছেন মামলার বাদী।
রবিবার (২৫ অক্টোবর) মনগড়া ও ভিত্তিহীন দাবি করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য পুনরায় তদন্ত হওয়া প্রয়োজন বলে আদালতে আবেদন দাখিল করেন তিনি।
শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর আবেদন মঞ্জুর করেন। এর আগে ফৌজদারি কার্যবিধির বিধান মোতাবেক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে অধিকতর তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন
আগামী ৩১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়।
রাজধানীর গুলশানে অবস্থিত সানায়া কুটর ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর আদালতে নালিশী (সিআর) মামলাটি করেছিলেন।
২০২৪ সালের ১৩ ডিসেম্বর, তানজিন তিশা একটি অনুষ্ঠানে পরার জন্য তার সাবেক ড্রাইভারের মাধ্যমে বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন। যার মূল্য ছিল ৭৫ হাজার টাকা। পরদিনই সেটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে, তা আর ফেরত দেওয়া হয়নি বলে বাদী মামলার আরজিতে উল্লেখ করেন।
এর পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ ছয়মাস তদন্ত শেষে গত বছরের ১০ মে প্রতিবেদন দাখিল করে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকারিয়া আলম।
প্রতিবেদনে বলা হয়, মামলার বাদী ও বিবাদীকে জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বাদীর অভিযোগের ভিত্তিতে কোনো অপরাধ প্রমাণিত হয়নি।
এম এ জলিল উজ্জ্বল/এএফ
