প্রতিনিধি, জগন্নাথপুর · ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চন্দ্রীহেদাদপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে আলমগীর ও সেবুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মতিউর রহমান হাওরে গরু চরাতে গেলে সেবুলসহ ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়।
মতিউর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন মতিউর রহমান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে আতাউর রহমান (৪০) ও মজিবুর রহমান (৩৫) গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সিরাই মিয়া (৩০), মিজানুর রহমান (২৮) ও রজ্জাক মিয়া (৬৫)সহ অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাত ফেরদৌসী একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত দুজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় মূল হোতাকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুগলে আমাদের খবর পেতে
