Published on
:
1 min read
‘বিগ বস’ বাংলার ঘর মাতিয়ে রেখেছিলেন অভিনেতা ভরত কল। তাঁর বেরিয়ে আসা এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। লক্ষ্মীপুজোর দিন, অর্থাৎ রবিবার বাড়ি ফিরেছেন অভিনেতা। তাঁকে আনতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী জয়শ্রী ও মেয়ে আরিয়া।
অভিনেতা ‘বিগ বস’-এর ঘরে পা রাখার পর থেকে কন্যা আরিয়া ছিল সবচেয়ে আশাবাদী। তার মনে বিশ্বাস ছিল বাবা জিতেই ফিরবে। বহু সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে আরিয়া। ভরতকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। ভিডিয়োয় আরিয়াকে বলতে শোনা গিয়েছে, ‘বাবা বেরিয়ে গিয়েছে জানতে পেরে খুবই খারাপ লাগছিল। কিন্তু আমি আমার মাইন্ড একটু সুইচ করে নিয়েছি যে, বাড়ির লোক তো বাড়ি ফিরছে। তবে আমি আশা করেছিলাম হয়তো বাবা কিছুদিন পরে ফিরবে। যাই হোক, এখন আমরা দু’জনেই খুব খুশি, বাবা ফিরছে। আমার চোখে যে ‘বিগ বস’ উইনার সে ফিরে এসেছে।’
প্রায় ৫৫ দিন ‘বিগ বস’-এর ঘরে ছিলেন ভরত কল। অনেকটাই ওজন কমেছে তাঁর। আরিয়া বলেছে, ‘কত দিন পরে বাবাকে দেখলাম। এত রোগা হয়ে গিয়েছে। প্রায় ১০ কেজি ওজন কমেছে।’ তবে মন খারাপ হলেও, বাবাকে কাছে পেয়ে খুশি কন্যা।
অভিনেতার স্ত্রী জয়শ্রী বলেন, ‘আমার আর আরিয়ার মনের ইচ্ছে হয়তো পূরণ হলো না। কিন্তু তাও বলব তুমি একজন ফাইটার। সত্যিকারের হিরো, ভালো মনের মানুষ। সকলের মন জয় করেছো। অনেকেই বেরিয়ে গিয়েছে ওই ঘর থেকে, কিন্তু তোমার জন্য সকলের চোখে যে জল দেখেছি, সেটা আর কারও ক্ষেত্রে দেখিনি। তোমায় যারা চেনে না, তারা আমায় অনেক খারাপ কথা বলেছে কমেন্টে। তাদের উদ্দেশে বলি, ক্ষমা করে দিলাম। আপনাদের সুবুদ্ধি হোক। ভরত তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’