অক্টোবর ২৭, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
খুলনার দিঘলিয়ায় জামায়াত নেতা ও ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান এবং দিঘলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেহেদী হাসান (৪৬) নামে একজন আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা ও ভুক্তভোগীরা জানায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা আনুমানিক দেড়টার দিকে হামলাকারীরা একত্রিত হয়ে প্রথমে উপজেলার পানিগাতী গ্রামে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়ি এবং পরবর্তীতে একই গ্রামের জামায়াতে নেতা ও স্থানীয় ইউপি সদস্য মো: আজিজুর রহমানের বাড়িতে আচমকা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা আজিজুর রহমানের বড় ছেলে ও স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: আহসানুল হক হিরোকে ধাওয়া করে। তাসনিম হাসান টুটুলের বড় ভাই মেহেদি হাসানকে পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা বাড়ির মহিলাদেরও গালিগালাজ করে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরূপ চৌধুরী বলেন, পলিটিক্যালি একটু বিশৃঙ্খলা হয়েছে। একটু ভাংচুরও শুরু হয়েছে। এটার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আমাদের পর্যাপ্ত টহল আছে, আপাতত কোনো উত্তেজনা কিংবা সমস্যা নেই।
খুলনা গেজেট/এএজে
