
ঘাটাইলে রাতের আধারে সরকারী গাছ কেটে বাড়ি নির্মাণ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতি গ্রামের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন রাস্তার পাশে ৫টি গাছ কেটে বাড়ি নির্মাণ করছেন ছোট জীবন ঘোষ। তিনি বাজারে দুই ও মিষ্টির ব্যবসা করেন।
কাটা ৫টি গাছের আনুমানিক মুল্য ৪লক্ষাধিক টাকা। চলতি মাসের ১৩ই অক্টোবর ঘটনা ঘটে।
সোমবার (২৬অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পান।
সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঘাটাইল ভুয়াপুর জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতী গ্রামে রাস্তার পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকানাধীন আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ গোপনে কেটে বাড়ি নির্মাণ শুরু করেন ছোট জীবন ঘোষ।
বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেন। এসময় কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে উপজেলায় দেখা করতে বলেন।
নির্মাণ শ্রমিক জহুরুল ইসলাম জানান গাছগুলি কাঠ ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে বিক্রি করে দেয়। এলাকার রমজান আলী (৩০) জানান বাড়ি নির্মানের আগে গাছ কেটে তারপর কাজ শুরু করে।
বাড়ির মালিক ছোট জীবন ঘোষ জানান ৫টি গাছ ছিলো কেটে বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম জানান তদন্ত করে ঘটনা সত্যতা পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
