চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন দুর্ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে দুজন মারা যান। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, রাতে দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালের তথ্য অনুযায়ী, নিহত শিশুর নাম রাকিব (৮)। সে নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকার আজহারুল ও ফাতেমা দম্পতির ছেলে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের মধ্যে আজহারুল (৪২) ও আবুল হোসেন (৫০) রয়েছেন। তাঁদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়।
