মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে মো. রাজু মিয়া (৩৫) নামের এক যুবককে ধাক্কা দিয়ে বনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গতকাল রোববার রাতে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে রাজু মিয়া ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে ট্রেনটি লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্প এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুজন তাঁর মুঠোফোন ও সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেন। পরে ধাক্কা দিয়ে তাঁকে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনাটি দেখে মিজানুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা ও আইনগত ব্যবস্থা নিতে তাঁকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি ট্রেনের এবং রেললাইনের আওতাধীন। এ জন্য আহতকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
