কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকা-ের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর গতকাল বেলা ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয়তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী।
পুলিশের দেওয়া তথ্য মতে, ১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগে। সেদিন সেখান থেকে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর ১৮ অক্টোবর জানা যায়, অগ্নিকা-ের ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে। বিষয়টি জানতে পেরে সেদিন বিকালেই ফায়ার সার্ভিস দ্বিতীয় দফা অভিযান চালায়। কিন্তু রিসোর্টটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় ফায়ার সার্ভিস অভিযান সমাপ্তি ঘোষণা করে। পরে আবার সেখানে অভিযান চালানো হয়।
মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল বলেন, মুক্তার দেহ পুড়ে কংকাল হয়ে গেছে। তবে তার গলায় থাকা চেইন থেকে আমি তাকে শনাক্ত করতে পেরেছি। এবার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে চাই।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, একজন নিখোঁজের বিষয়টি আমরা জানতে পেরে তার মোবাইল ট্র্যাকিং করি। সেখানে তার শেষ লোকেশন ছিল পাটুয়ারটেক। টিমটি ওই রিসোর্টের দ্বিতীয় তলা থেকে একটি পোড়া মরদেহ খুঁজে পায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
