রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মহানগর প্রভাতী নামের এই ট্রেন চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়ায় দাঁড়িয়েছে। নতুন ট্রেনে সাধারণ শোভন চেয়ারে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সাধারণ শোভন চেয়ারে ভাড়া ৬৮৫ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত এসি চেয়ারে ভাড়া প্রায় ১ হাজার ৩১১ টাকা। ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।
ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের চাহিদা বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইঞ্জিন ও কোচের স্বল্পতার কারণে এত দিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই মহানগর প্রভাতী চালু করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এ রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াতের সুযোগ আরও বাড়বে।
রেল খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানসম্মত রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি।
এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কমিউটার ও আন্তঃনগর ট্রেন চলাচল আরও উন্নত হবে এবং দেশের রেল যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
