কালবেলা · সাধারণ
পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
২৬/১০/২০২৬

চট্টগ্রামের পটিয়ায় অন্তঃসত্ত্বা সিফাত নূরের মৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই তানিয়া কামাল নিহাত নামের আরেক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া কামাল নিহাত পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মো. কামালের মেয়ে।
নিহতের মা মোর্শেদা বেগমের অভিযোগ, যৌতুকের দাবিতে শাশুড়ি ও ননদসহ শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তার মেয়েকে নানাভাবে নির্যাতন ও নিপীড়ন করে আসছিল। এ নিয়ে থানা ও স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়। সম্প্রতি বিরোধের মীমাংসা হলে কয়েক মাস ধরে তানিয়া স্বামীসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন।
তিনি জানান, তার মেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার স্বামীর অনুরোধে এক দিনের জন্য মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠান তিনি। রাত ১টার দিকে মেয়ের সঙ্গে মুঠোফোনে কথাও হয়, তখন নিজের শারীরিক সুস্থতার কথা মাকে জানান মেয়ে। কিন্তু রাত ৪টার দিকে জামাতা নুর উদ্দিন ফোন করে তাকে জানান, নিহাত অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।
পরে হাসপাতালে গিয়ে মেয়েকে না পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান মোর্শেদা বেগম। সেখানে মেয়ের মাথার পেছনে ও গলায় ক্ষতচিহ্ন দেখতে পান বলেও দাবি করেন তিনি। নিহতের মায়ের দাবি, মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তানিয়া রোববার তিনবার বিরিয়ানি খেয়েছিলেন। তাদের ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, রাতে অসুস্থ হয়ে পড়লে তানিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কেউ মারধর করেনি বলে দাবি করেন এই বাসিন্দা।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗