প্রেম, আবেগ, ভুল বোঝাবুঝি ও পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার মায়া’। নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
হাস্যরস ও নাটকীয়তার মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে ভালোবাসার অনুভূতি, ছলনা এবং সম্পর্কের জটিল সমীকরণ। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস।
নাটকে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইনসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান পরিবারের কাছে শান্ত ও দায়িত্বশীল হিসেবে পরিচিত। তবে নিজের পছন্দ-অপছন্দ প্রকাশের ক্ষেত্রে সে বেশ দ্বিধাগ্রস্ত। এলাকার সুন্দরী তরুণী সানজিদার প্রতি দুর্বলতা থাকলেও লাজুক স্বভাবের কারণে মনের কথা বলতে পারে না আরিয়ান।
বিষয়টি বুঝতে পেরে সানজিদা তার সঙ্গে প্রেম নিয়ে মজা করতে শুরু করে। একপর্যায়ে সেই মজাই আরিয়ানের জীবনে ডেকে আনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।
হঠাৎ আরিয়ান জানতে পারে, সানজিদার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। পাত্র অস্ট্রেলিয়ার গ্রিনকার্ডধারী। বিষয়টি জানার পর ভেঙে পড়ে আরিয়ান। নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেও সে নিজের আবেগের সঙ্গে লড়াই করে।
অন্যদিকে, আরিয়ানের ভেঙে পড়ার খবর সানজিদার কাছে পৌঁছাতে থাকলে একসময় তার মনেও মায়া তৈরি হয়। এভাবেই গল্প নতুন এক বাঁকের দিকে এগিয়ে যায়।
নাটকটি প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, প্রেম মানুষকে যেমন সাহসী করে, তেমনি মনের কথা প্রকাশ করতে না পারা কিংবা সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করার কারণে জটিলতা তৈরি হতে পারে। হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে ‘ভালোবাসার মায়া’য় সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম, ছদ্মবেশ, হাস্যরস ও পারিবারিক সম্পর্কের নানা সমীকরণ নিয়ে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
বিআলো/শিলি