নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার যাদবপুর ডকেরবাগান আনসার ক্যাম্পের পেছনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল যাদবপুর ডকেরবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব পাশের রাস্তা থেকে আনোয়ার হোসেন রাজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজীবের স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকায়। তার বাবার নাম আব্দুল হাই। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
