দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। সোমবার (২৬ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আগের কর্মদিবস থেকে ২০ কোটি টাকার কমে এদিন লেনদেন ৪১০ কোটি টাকায় নেমে এসেছে। গতকাল রোববারের (২৫ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ কমেছে দুই হাজার ৫৬৮ কোটি টাকা।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৯৯ দশমিক ৫৩ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৯০ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৩ দশমিক ৪৩ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৭২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৬ হাজার ৩০২ কোটি ৬০ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৮ হাজার ৮৭০ কোটি ৭৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৫২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি তিন লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৭৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ১২ কোটি ৬৫ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ১৩ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের ৯ কোটি ৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার আট কোটি ৬৯ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আট কোটি ৩৭ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি ৩২ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের সাত কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মার শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৪৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৮৪ শতাংশ।
