সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুথি।
রোববার (২৫ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, রাজধানী রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয় এবং সেখানে নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে অর্জিত হয়েছে।
হুথি মুখপাত্রের দেওয়া তথ্যমতে, দ্বিতীয় হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ সৌদির খামিস মুশাইত এলাকায় অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটি। সেখানে ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, বিমান রাখার হ্যাঙ্গার এবং গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম সৌদির জিজান অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে তৃতীয় হামলাটি পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান।
উদ্বেগজনক বিষয় হলো, এর আগের হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববারই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছিল। সৌদি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘আল-এখবারিয়া’ জানিয়েছে, বিমানবন্দরটির টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ এবং টার্মিনাল-২ থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইট চালুর পরপরই নতুন এই হামলার খবর সামনে আসে।
বিবৃতিতে হুথি মুখপাত্র কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘অনিরাপদ’ আখ্যা দিয়ে যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
