ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথো ট্রেন চলাচল প্রায় ত্রিশ মিনিট বন্ধ ছিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহটি বটতলা এলাকায় আসতেই এই ঘটনা ঘটে। পরে ১১টা বেজে ১৫ মিনিটের দিকে ওই রুটে ট্রেন চলাচল সচল হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছলে ট্রেনটির ত বগি এবং থ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রেলপথে প্রায় ত্রিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো।
ওসি আকতার হোসেন আরও বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেয় এবং পিছনের পুশ ব্যাক করে নিয়ে যায়। পরে ট্রেনের চালক পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টা ১১টা বেজে ১৫ মিনিটের দিকে ট্রেনের বিচ্ছিন্ন দুই বগি পুনরায় সংযুক্ত করে। সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
