রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বুধবার (২৮ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
এদিন সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রকিবুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ডিএনসিসির কর্মসূচি
আজ সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোল চত্বরে ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভা
দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
