গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলে আনোয়ারের (৩৪) লাঠির আঘাতে আব্দুল সামাদ (৬২) নামে এক বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে আব্দুল সামাদের সঙ্গে তাঁর ছেলে আনোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে আব্দুল সামাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল সামাদের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
