কথায় বলে, এ পৃথিবীতে মাতৃস্নেহের চেয়ে বড় কোনও শক্তি নেই। আর সেই স্নেহ কেবল মানুষই নয়, অবোলা প্রাণীদের মধ্যেও বিদ্যমান। সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না কোনও জীবই। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বিদ্যুতের তারে আটকে রয়েছে হনুমানের ছোট্ট একটি ছানা। ছুটে এসে সেটিকে টেনে ধরল একটি বড় হনুমান। সেটি ওই ছানার মা বলে জানা গিয়েছে। নিজের প্রাণ বাজি রেখে ছানাটিকে তার থেকে মুক্ত করল সেটি। সে সময় বিদ্যুতের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়তেও দেখা যায়। এর পর ছানাটিকে বুকে একেবারে জাপটে ধরে বসে থাকে সেটি।
‘হিন্দুভিশন১’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ঘটনাটি কোথাকার, তা যদিও জানা যায়নি ভিডিয়োটি থেকে। এর পর হনুমানের ছানাটির কোনও রকম শারীরিক সমস্যা ঘটেছে কি না, সে খবরও পাওয়া যায়নি। আশা করা যায়, সেটি সম্পূর্ণ সুস্থই রয়েছে।
ভিডিয়োটি দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। হৃদয়স্পর্শী সেই ভিডিয়োটি দেখে মন ভরে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু নেটাগরিক। নানা রকম মন্তব্য করেছেন সকলে। এক জন লিখেছেন, “কথায় বলে স্বয়ং যমরাজও মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিতে পারেন না। মা হনুমানটি সেই কথাই সত্যি করে দিয়েছে।”
