যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে কথা বলেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক।
তিনি বলেন, “ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎ সাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।” আরো পড়ুন
রবিবার (২৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
শামছুল হক বলেন, “গোপালগঞ্জে এলে আপনি যা করছেন তার চেয়ে দ্বিগুণ জবাব দিয়ে দেখিয়ে দেব। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবেন। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।”
এছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, “আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।”
বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক বলেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
