সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। নতুন কাঠামোয় সৈনিকদের মূল বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে।
গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। প্রকাশিত গেজেট অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে।
নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বেতন কাঠামো বাস্তবায়নের প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতনের ৪০ শতাংশ কার্যকর করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে এবং চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে।
তবে নতুন বেতন কাঠামো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেতনবৈষম্যের অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।
এদিকে, সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতা থাকায় দীর্ঘদিন একই পদে কর্মরত সদস্যদের আর্থিক অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। পদোন্নতি না পেলে তাঁদের বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নির্ভর করতে হয়। এতে জ্যেষ্ঠ সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) আর্থিক অসামঞ্জস্য তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অসংগতি দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা ও সদস্যদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সার্ভিস কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
