ডেস্ক রিপোর্ট : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং এই সিরিজকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের প্রক্রিয়া অনুসরণ করতে চান টাইগার অধিনায়ক। তার বিশ্বাস, অতিরিক্ত চাপ না নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটা আমার কাছে প্রেসার না, ইন্সপায়ারিং। প্রেসার বলব না এই কারণে, আমরা যখন এই প্র্যাকটিস শুরু করেছি বা এই সিরিজটা নিয়ে যখনই আমরা কথা বলেছি, আমরা চিন্তা করেছি যে গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলছি?’
নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাড়তি কোনো কিছু করতে চাই না, আমরা আমাদের প্রসেসটা ফলো করতে চাই।
আমরা যেই জিনিসটা পারি, ওই জিনিসটাই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করতে চাই। সো, এখানে আমি কারও কাছ থেকে এক্সট্রা কোনো এফোর্টও চাই না।
এটা অনেক ইম্পর্টেন্ট সিরিজ, অবশ্যই। কিন্তু আমরা আমাদের প্রসেসটা ফলো করে যেভাবে রেজাল্ট পাচ্ছি, ওই জিনিসটাই জাস্ট এক্সিকিউট করতে চাই।’
টেস্ট ক্রিকেটে ভালো ফল পেতে দীর্ঘমেয়াদি লক্ষ্য সামনে না রেখে ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা বাংলাদেশের। শান্তর মতে, প্রতিটি ম্যাচ ও সেশনে ভালো ক্রিকেট খেলাই আপাতত দলের মূল লক্ষ্য। একসঙ্গে অনেক দূরের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে এগিয়ে যেতে চান তারা।
শান্ত বলেন, ‘আমরা লাস্ট কয়েক বছরে কীভাবে ক্রিকেট খেলেছি? প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, প্রত্যেকটা সেশনে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সবসময় খুব ছোট টার্গেট নিয়ে ক্রিকেট খেলছি।’
দলের পরিকল্পনা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমরা খুব বেশি দূরে চিন্তা করি না, একেকটা ম্যাচ, একেকটা ঘণ্টা। সো, এইভাবেই আমরা চিন্তাটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়ার প্ল্যান। যদি আমরা একটা একটা টেস্ট ম্যাচ করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, ওইটা আমাদের জন্য হেল্প করবে ভবিষ্যতের জন্য।’
