নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), যিনি ওই ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। অন্য তিনজন হলেন একই গ্রামের মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সোহেল হোসেন (২১)।
পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/
