ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট :
২৭ অক্টোবর ২০২৬, ২১: ৩৭

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট লিমিটেডের সামনে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকা উপজেলার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন।
অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুচিত্রা জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
সুচিত্রার অভিযোগ, এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরেই সাদ্দাম তাঁর স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, সেখানেও রবীন্দ্রকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

