নিজস্ব প্রতিবেদক · ২৬ অক্টোবর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
সিলেটে রেস্টুরেন্টে খেতে যাওয়া এক তরুণ ও তার বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের মো. সামছুল আমীন (২৭)। আনোয়ার বর্তমানে নগরীর কাজিটুলায় বসবাস করেন। অপরজন বর্তমানে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে বসবাস করেন।
এ ঘটনায় সোমবার সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী উমাশঙ্কর গুপ্ত চৌধুরী। তিনি নগরীর কাষ্টঘর এলাকার বাসিন্দা। এর আগে রোববার মধ্যরাতে ওই দুই যুবককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী তার বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে খেতে যান। এ সময় গোপনে তাদের ছবি তোলা হয়। পরে সেই ছবি অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী উল্লেখ করেন, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তার ও তার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচার, হয়রানি ও ধর্মীয় উসকানি দেওয়া হচ্ছে। এতে তাদের দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তারা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
পুলিশ জানায়, মেহমান রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোপনে ওই তরুণ ও তার বান্ধবীর ছবি তোলার সঙ্গে রেস্টুরেন্টের দুই কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে রোববার রাতে রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও মো. সামছুল আমীনকে আটক করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, গোপনে ছবি তোলার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে ।
গুগলে আমাদের খবর পেতে
