নরসিংদীর বেলাবোতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মো. আরিফ (১৫) নামের এক মাদ্রাসাছাত্র। দীর্ঘ এই সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ আরিফ নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর মাদ্রাসা থেকে বের হয় আরিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার। আরিফের সন্ধান প্রার্থনা করে তার পরিবার জানিয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা পুলিশ অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নিখোঁজ আরিফ মিয়ার পিতা মো. শহিদ মিয়া বলেন, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) মাদ্রাসা ছুটি হলে বাড়িতে আসার কথা থাকলেও বাড়িতে আসেনি। পরে আত্মীয়স্বজন, সহপাঠী এবং মাদ্রাসায় খবর নিয়ে না পেয়ে বেলাবো থানায় জিডি করি।
বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন, নিখোঁজ আরিফ মিয়ার পিতা শহিদ মিয়া বেলাবো থানায় একটি জিডি করেছেন। তবে নিখোঁজ আরিফ মিয়ার হাতে কোনো মোবাইল না থাকায় প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
