জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে গৃহস্থালি ও শিল্পপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান এ এক্সপোর উদ্বোধন করবেন।
তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি আলজেরিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পেট্রোলিয়াম পণ্য আমদানির উৎস নিশ্চিত করা সহজ হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় বিকল্প নবায়নযোগ্য জ্বালানির বিস্তার সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। তিনি জানান, গত কয়েক সপ্তাহে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে দেশব্যাপী কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত সমন্বিত স্বাস্থ্য ডেটাবেইস ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ ছাড়া খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানে জীবাণুর উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ জোরদার করছে। ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসগুলোতে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় অবমুক্তকরণ অভিযান পরিচালনার পাশাপাশি দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, উৎসবটি আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
The post গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের appeared first on ভোরের চেতনা.
