আজকের এই জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটবে। তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেকারত্ব কমাতে এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এতে তাঁদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।
দিনব্যাপী এ চাকরি মেলায় দেশের ৯০টির বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন সংস্থা। মেলায় চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত জমা এবং কর্মসংস্থানবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা।
দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ মেলা বিশেষ গুরুত্ব বহন করে। এ ছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়া বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ চাকরি মেলার মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগের পথ আরও সুগম হবে।
