নেত্রকোণার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকুফ উদ্ধারসহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বারমারী লক্ষ্মীপুর গ্রামের ওই নারীর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) এসআই (নিরস্ত্র) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলাম।
আটক আমেনা খাতুন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম নামে অপর এক আসামি পালিয়ে যান।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
