প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁর ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার পাশাপাশি বরিশাল স্টেডিয়ামে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানের বিরুদ্ধে স্লোগান দেন। পরে তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদার অভিযোগ, ঢাকার একটি স্টেডিয়ামে ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে মিজান হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। শুক্রবার তাঁর বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভের সৃষ্টি হয়।
নাজমুল হুদা আরও অভিযোগ করেন, মিজান আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। তাঁকে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, তা তিনি জানেন না। ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে মিজানের বিচার দাবি করেছেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন।
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানান, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। ঘটনার বিস্তারিত জানতে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।