বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেলেও এখনো বিগ ব্যাশে পা পড়েনি মোস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে দল পেয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার।
মোস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিগ ব্যাশে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন কাটার মাস্টার। আজকের পত্রিকাকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আশার কথা হলো, বিগ ব্যাশ খেলার জন্য মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেবে বিসিবি। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশে অভিষেক হবে এই বাঁহাতি পেসারের।
বিগ ব্যাশের কারণে প্রথমবারের মতো হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টে দেখা যাবে না মোস্তাফিজকে। আগামী ১২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচগুলো মাঠে গড়াবে। অন্যদিকে বিগ ব্যাশের ১৬তম আসর শুরু হবে ১২ ডিসেম্বর। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ওই সূত্র জানিয়েছে, পুরো আসরে জন্য মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেবে বিসিবি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) নামকরা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেশ সুনাম কুড়িয়েছেন মোস্তাফিজ। ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসরেই সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এবার বিগ ব্যাশে বোলিং জাদু দেখানোর সুযোগ তাঁর সামনে।
মোস্তাফিজ ছাড়াও এবারের বিগ ব্যাশে দেখা যাবে রিশাদ হোসেনকে। গত আসরের মতো যথারীতি হোবার্ট হারিকেনসের হয়েই মাঠ মাতাবেন এই লেগস্পিনার। বিগ ব্যাশের প্রথম মৌসুমটা দারুণ কাটিয়েছেন তিনি। ১২ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট; ইকোনমি রান রেট ৭.৮২। এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হোবার্টের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিশাদ। এবারও তাঁকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
