সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকার মরহুমের বাসভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব লিপন হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শোয়েব হাসান, উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক উপদেষ্টা মানিক মিয়া তালুকদার, সুমন মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্মৃতিচারণ করে দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর বলেন, আব্দুস শহীদ চৌধুরী ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, জনদরদি ও নিবেদিতপ্রাণ মানুষ। জীবনের পুরোটা সময় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও জনসম্পৃক্ততা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তারা আব্দুস শহীদ চৌধুরীর রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর ভূমিকা এবং দিরাইয়ের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ, ত্যাগ ও অবদান দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
