জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও এমপি। এমনেই তো বিরোধীদলের এমপি হলে কিছু টেকনিক্যাল অসুবিধা। বিরোধী দলকে কাজ দিতে চায় না সরকার। আমরা টানাহেঁচড়া করে আনার চেষ্টা করছি।
সোমবার (২৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাজ যত আসবে, প্রতিটি কাজের প্রতি পয়সার হিসাব পাবলিক মিটিং করে ঘোষণা দিয়ে দেবো। এটি আমি ছাড়া কেউ পারবে না। আমরা ভবন উদ্বোধন করলাম, তবে শুধু ভবন উদ্বোধন করলেই হবে না। এখানে যদি পড়াশোনার মান ঠিক না থাকে, ছাত্র যদি না থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে বিল্ডিং ১০ তলা বানিয়ে দিয়ে লাভ কী? এজন্য ভবন হবে শিক্ষার মানও বৃদ্ধি হতে হবে।
রফিকুল ইসলাম খান আরও বলেন, একটি প্রতিষ্ঠান যদি উন্নত প্রতিষ্ঠানে গড়ে তুলতে হয়, তাহলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করতে হবে, শিক্ষকদেরকেও পড়াশোনা করতে হবে। ছাত্র-ছাত্রীদের যেমন শৃঙ্খলা মেনে চলতে হবে, শিক্ষকদেরও শৃঙ্খলা মেনে চলতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ক্লাস হলো ৯টায় বা ১০টায়, আপনি ছাতি একটা কান্দে নিয়া, পাঞ্জাবি বগলে দিয়ে আপনি আসবেন ১১টায়। ওই প্রতিষ্ঠান কখনো উন্নত প্রতিষ্ঠান হবে না। এজন্য আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারা নিয়মের ক্ষেত্রে কোনো আপোষ করবেন না। ভালো শিক্ষক তিনিই, যিনি নিজে লেখাপড়া করেন।
মো. নাজমুল হাসান/এসএইচএ
