যুক্তরাষ্ট্রের ইস্পাত ও গাড়ি আমদানিতে আরোপিত শুল্ক কমাতে সমঝোতার চেষ্টা করছে ওয়াশিংটন ও অটোয়া। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট সূত্র। খবর রয়টার্সের।
বর্তমানে কানাডার ইস্পাত আমদানিতে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলছে। তবে চুক্তির আগে কানাডাকে আরও কিছু ছাড় দিতে হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা কিছুটা জোরদার হয়েছে। তার মতে, আলোচনায় অগ্রগতি হলে তা যুক্তরাষ্ট্রের কানাডার অবস্থানের কাছাকাছি আসার ফলেই হয়েছে।
আগস্টে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে মাঝারি ও ভারী যানবাহনের শুল্ক নিয়ে মতবিরোধ কানাডার গাড়ি উৎপাদনশিল্পকে চাপে ফেলেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৫ অক্টােবর) এক রাজনৈতিক সমাবেশে বলেছেন, বাণিজ্যবিরোধ শিগগিরই মিটে যেতে পারে। এর আগে শুক্রবার (২৩ অক্টােবর) কানাডার কিছু কৃষি ও বনজ পণ্যের ওপর থেকে ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের আদেশ দেন তিনি।
তবে সম্ভাব্য চুক্তি হলেও তা সীমিত পরিসরে হতে পারে বলে মনে করছেন কানাডার শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র।
