নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মনি ওরফে মরনীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনি ওরফে মরনী মৃত হাসান ও পাখি বেগমের সন্তান। তার স্বামীর নাম রোমান। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বাবুরাইলের ১৯০/১ নম্বর তাঁতিপাড়া এলাকায় জনৈক খোকন সাহেবের বাড়ি, যা হাজী বাড়ি নামে পরিচিত, সেখানে ভাড়া থাকতেন। পুলিশ তাকে ভাসমান হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
