আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিট উপলক্ষে জাতীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর, কুর্মিটোলায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)-এর আওতায় আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।
ব্রিফিংয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা তদারকির কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মোহাম্মদ আলমগীর দেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা সম্পর্কে আইসিএওর নিরীক্ষক দলকে অবহিত করেন। পরে নিরীক্ষক দলের দলনেতা কলাম ভাইন জাতীয় ব্রিফিং দেন।
অনুষ্ঠানে আইসিএওর নিরীক্ষক দলের সদস্যরা ছাড়াও বাংলাদেশের বিমান নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে এয়ার কমডোর মো. আসিফ ইকবাল নিরীক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি নিরীক্ষার স্বার্থে প্রয়োজনীয় নথি ও তথ্য নির্ভুলভাবে এবং সময়মতো সরবরাহ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখা এবং নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনাগুলোতে নিরীক্ষক দলের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় সমন্বয়কের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার আহ্বান জানান তিনি।
জাতীয় ব্রিফিংয়ের মাধ্যমে নিরীক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদার এবং দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ব্রিফিং শেষে আইসিএওর নিরীক্ষক দলের সদস্যরা বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, আইসিএওর নিরাপত্তা অডিট কেবল একটি মূল্যায়ন কার্যক্রম নয়; বরং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের জাতীয় বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা পর্যালোচনা, অর্জনগুলো চিহ্নিত করা এবং উন্নয়নের ক্ষেত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ। এ নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকরভাবে বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বাংলাদেশের আইসিএও নিরাপত্তা অডিট ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
