তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
সারাদেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভা করেছে এনসিপি। সভা শুরুর আগে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছিল বিএনপি, তবে সে সময় তারা সফল হয়নি। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপিকে এ ধরনের পরিকল্পনা থেকে সরে আসতে হবে। র্যাঙ্ক চয়েস সিস্টেমের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।
মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সারা দেশে বিরোধী দল এবং সরকারের সমালোচনাকারী সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চলছে। গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় ময়মনসিংহে এক নারীকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা সংবাদমাধ্যমে জানতে পেরেছেন।
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে। শুরুতেই তা প্রতিরোধ করা না গেলে জনগণকে এর পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগকে ২০০৮ সালের পরপরই প্রতিরোধ করা যায়নি বলে দলটি ১৬ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম রাখতে পেরেছিল বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, বিএনপিও একই ধরনের কৌশলে এগোচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের সংশয় রয়েছে। তবে এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা নির্বাচন প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
