কালবেলা · আন্তর্জাতিক
সুদানে উদ্বেগজনক পরিস্থিতি, সতর্ক আন্তর্জাতিক সম্প্রদায়
10/27/2026

গৃহযুদ্ধকবলিত সুদানে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েক ডজন দেশ। সম্ভাব্য দুর্ভিক্ষের ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রমে সব ধরনের বাধা দূর করতে সংঘাতের পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সুদানে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। আগামী কয়েক মাসে দুর্ভিক্ষের আশঙ্কা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছে খাদ্যনিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানের জন্য অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান কর্মসূচি পুনর্বিন্যাস করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।
যৌথ বিবৃতিতে বলা হয়, সুদানের জনগণের দুর্ভোগ লাঘবের প্রধান দায় সংঘাতের পক্ষগুলোর। মানবিক সহায়তা পৌঁছানোর পথে সব ধরনের বাধা দূর করার পাশাপাশি সীমান্ত অতিক্রম করে এবং সংঘাতের বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকা পেরিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হবে। বিশেষ করে দারফুর অঞ্চলে আকাশপথে সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সুদানের সর্বত্র মানবিক সহায়তাকর্মীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশগুলো।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। বেসামরিক শাসনে উত্তরণের পরিকল্পনার অংশ হিসেবে দুই বাহিনীকে কীভাবে একীভূত করা হবে, তা নিয়ে বিরোধের জেরে এই যুদ্ধ শুরু হয়।
জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গত জুনে জানিয়েছিল, সুদানে ৫১ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে রয়েছেন। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৃষকেরা ফসল কাটতে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। সাম্প্রতিক সময়ে খরাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ ও প্রতিনিধিদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার।
গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, সুদানের সেনাবাহিনী, আরএসএফ কিংবা তাদের কোনো নেতা দেশটির বৈধ সাংবিধানিক শাসনের প্রতিনিধিত্ব করেন না।
দীর্ঘস্থায়ী এই যুদ্ধে সুদানে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি জাতিগত বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ডের একাধিক ঘটনাও ঘটেছে, যা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করেছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗