এই সময়, শ্রীরামপুর: সাতের দশকের শুরুতে গঙ্গার পশ্চিম তীরের শহর শ্রীরামপুর ও রিষড়ায় রাজনৈতিক অস্থিরতা লেগেইছিল। যে কারণে আইন-শৃঙ্খলার অবনতি ও অপরাধমূলক কাজকর্ম বাড়ছিল। স্থানীয় মানুষদের একজোট করে শান্তির পরিবেশ রক্ষা করতেই ওই সময়ে মাহেশে শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেন বণিকরা। আশপাশের মানুষের ভরসাস্থল হয়ে ওঠে শ্যামের মন্দির।
১৯৭২ সালে অক্ষয় তৃতীয়ার দিন বলাই বণিক, শচীদেবীরা মাহেশে শ্যামসুন্দরের মন্দির প্রতিষ্ঠা করেন। তার আগে নবদ্বীপের পোড়ামাতলা থেকে শ্যাম ও রাধার মূর্তি এনে প্রতিষ্ঠা করেন তাঁরা। সেই থেকে টানা ৫০ বছরের বেশি সময় ধরে মাহেশের শ্যামসুন্দর মন্দিরে নিত্যপূজিত হন রাধাকৃষ্ণ।
মঙ্গলবার রাসপূর্ণিমার দিন প্রথা মেনে পূর্ণিমার পুজো হয়। দুপুরে ভাণ্ডারায় খিচুড়ি, অন্ন, পায়েস ও ভোগপ্রসাদ খাওয়ানো হয়। বিকেলে শ্রীকৃষ্ণের নাম-সংকীর্তন পরিবেশন করেন শিল্পীরা। পূজারী সমীর ভট্টাচার্য বলেন, 'ঐতিহ্য মেনেই রাসপূর্ণিমার পুজোপাঠ হয়েছে।'
