ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল। তার আগে আজ শেষ সময়ে মিরপুর শেরে-ই বাংলার মাঠে অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। হাতে চোট পাওয়ার পরেই অনুশীলন থেকে বের হয়ে যান তিনি।
তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন মুশফিকের না খেলার কোনো কারণ নেই, 'এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।'
এদিকে, ইনজুরি থেকে ফেরা লিটন দাস খেলবেন কি না এই নিয়েও দোলাচল আছে। শান্ত বলেন, 'লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনও ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনও রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনও শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।'

পেস বোলিংয়ে মধুর সমস্যা বাংলাদেশ দলে। দলের পেস ইউনিট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘মধুর সমস্যা কিনা বলতে চাই না। পেসাররা জানে কে কখন খেলবে। তারা খুবই ক্লিয়ার, কোন কন্ডিশনে কে খেলবে। তারা প্রত্যেক সিরিজের জন্য, প্রত্যেক ম্যাচের জন্য প্রস্তুত থাকে। যেকোনো সময় যে কাউকে ম্যাচের জন্য নিতে পারি।’
পরে আবুধাবি টেস্ট নিয়ে শান্ত বললেন, ‘এই ম্যাচ জেতা উচিৎ ছিল, ১০০%। তবে পজিটিভ বিষয় হলো, পাঁচ দিন এমন কষ্ট করে ম্যাচ খুব কম খেলেছি। শেষ সেশন পর্যন্ত জেতার যে ইচ্ছা ছিল, এমন খুব কম আসে। এই অভিজ্ঞতা সামনে কাজে দিবে। এটা ইতিবাচক দিক। পাঁচ দিন সবাই অসম্ভব কঠোর পরিশ্রম করেছে। যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এই গরমের মধ্যে, বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। এমন আগে দেখিনি। এই ড্র সামনে অনেক সহায়তা করবে। ওখান থেকে ম্যাচ কীভাবে বের করতে হয় ঐ অভিজ্ঞতাও সহায়তা করবে।’
এসএইচ
