ক্রিস্তিয়ানো রোনাল্দোছবি: Instagram/Cristiano
Published on
:
2 min read
বর্তমান দুনিয়ায় ক্রিস্তিয়ানো রোনাল্দো একজন ফুটবল মহাতারকা নন, তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড। ইনস্টাগ্রামে তাঁর জনপ্রিয়তা নিয়ে চর্চা হয়। মাঠে যেটাই করুন না কেন, মাঠের বাইরে তাঁর সাফল্য নজরকাড়া। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে তাঁর বর্তমান অনুগামীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৭৯ মিলিয়নে (প্রায় ৬৮ কোটি)। জনপ্রিয়তার এই লড়াইয়ে তাঁর ধারেকাছে নেই প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৫১৭ মিলিয়ন) কিংবা ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি (২৭১ মিলিয়ন)। কিন্তু প্রশ্ন হলো, যাঁর একটি পোস্ট দেখার জন্য কোটি কোটি চোখ চাতক পাখির মতো অপেক্ষায় থাকে, সেই রোনাল্দো নিজে কাকে ফলো করেন?
রোনাল্দো ফলো করেন এক ভারতীয়কে
রোনাল্দোর অফিশিয়াল প্রোফাইল ঘাঁটলে দেখা যায় তিনি ইন্সটাগ্রামে ফলো করেছেন মাত্র ৬৩৮ জনকে। যার সিংহভাগেই রয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস ও আল নাসরের বর্তমান ও প্রাক্তন সতীর্থরা। এছাড়াও তালিকায় রয়েছেন রোনাল্দোর ব্যক্তিগত পছন্দের কমব্যাট স্পোর্টস এমএমএ (MMA)-এর শীর্ষ ফাইটাররা এবং যে সমস্ত বড় বড় ব্র্যান্ডে তিনি বিনিয়োগ করেছেন, সেই বাণিজ্যিক সংস্থাগুলি।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই ৬৩৮ জনের মধ্যে রোনাল্দো ফলো করেন মাত্র একজন ভারতীয়কে। তিনি কোনও তারকা নন, তিনি হলেন ৩২ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অরবিন্দ শ্রীনিবাস। তিনি Perplexity AI-এর সহ-প্রতিষ্ঠাতা ও CEO। রোনাল্দো সম্প্রতি Perplexity-র সঙ্গে চুক্তি করেন। সেই চুক্তির অংশ হিসেবেই তিনি অরবিন্দ শ্রীনিবাসকে ফলো করেন বলে মনে করা হচ্ছে।
অরবিন্দ শ্রীনিবাসকে ফলো করছেন রোনাল্দোEi Samay
অরবিন্দ কাকে ফলো করেন?
তবে রোনাল্দো অরবিন্দকে ফলো করলেও, প্রশ্ন উঠছে অরবিন্দ কাকে ফলো করেন? তিনি অবশ্য রোনাল্দোকে ফলো করেন না, তিনি তাঁর সংস্থা Perplexity-কে ফলো করেন।
চেন্নাইয়ে জন্ম নেওয়া অরবিন্দ IIT মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডুয়েল ডিগ্রি অর্জন করেন। এরপর কম্পিউটার সায়েন্সে PHD করতে তিনি পাড়ি দেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলেতে। পরবর্তীতে তিনি কাজ করেছেন ওপেনএআই, গুগল এবং ডিপমাইন্ডের মতো বিশ্বের সেরা এআই ল্যাবে। ডাল-ই ২ (DALL-E 2) কিংবা আধুনিক ইমেজ জেনারেশন মডেল তৈরির নেপথ্যে তাঁর অবদান ছিল।
সেই অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে ২০২২ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি গড়ে তোলেন পারপ্লেক্সিটি এআই। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী প্রায় ২১,১৯০ কোটি টাকার সম্পদ নিয়ে ভারতের কনিষ্ঠতম ধনকুবের তিনি।
