অক্টোবর ২৭, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় প্রায় ১৫০ কেজি মাছ, দুটি ডিঙি নৌকা ও বিপুল পরিমাণ শিকারের সরঞ্জামসহ সাতজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে সুন্দরবনের বিভিন্ন খালে এ পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন আলী গাজীর ছেলে মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), সৈয়দ আলীর ছেলে শাহাবাজ আলী (৫২), রুহুল আমিন গাইনের ছেলে আইয়ুব আলী গাইন (৫৫), আমিন আলীর ছেলে ওয়াহিদুল ইসলাম (৫৪), করিম গাইনের ছেলে ছালাম গাইন (৫৬), অলি গাজীর ছেলে আব্দুর রউফ (৪০) ও আব্দুল রশীদের ছেলে মো. আলিম (৩৮)।
অভিযানে আটক সাতজনই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি এলাকার বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খাল থেকে কাঁকড়া ধরার একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকাসহ ৫৭টি আটুন ও তিনটি ড্রাম উদ্ধার করা হয়।
অপরদিকে, কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশ থেকে মাছ ধরার আরেকটি ডিঙি নৌকা ও ৭ জন জেলেকে আটক করা হয়। ওই অভিযানে জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে— ৩০০ ফুট ফাঁস জাল, একটি করে ককশিট, হাইল, দাঁড়, দুটি বৈঠা, আনুমানিক ১৫০ কেজি মাছ, পানির নয়টি ড্রাম, দুটি হুক এবং একটি কুড়াল।
আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
খুলনা গেজেট/এএজে
