প্রকাশিত: ১৪:৫৪, ২৭ অক্টোবর ২০২৬
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরাদ্দের আড়াই লাখ টাকা থেকে শিক্ষার্থীদের জন্য তিনটি কম্পিউটার উপহার দিয়েছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক
অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকা থেকে শিক্ষার্থীদের জন্য তিনটি কম্পিউটার ও একটি পানির ফিল্টার উপহার দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে একটি করে কম্পিউটার এবং শহীদ ফরহাদ হোসেন হলের ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইয়ুবুর রহমান তৌফিক। এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) হলগুলোতে এসব উপহার দেন তিনি।
তৌফিক জানান, ব্যক্তিগত বরাদ্দের টাকা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে একটি করে কম্পিউটার দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে স্থাপন করা হয়েছে একটি উন্নতমানের পানির ফিল্টার।
আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও আমি নিজের জন্য ব্যয় করিনি। সেই বরাদ্দের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে কম্পিউটার উপহার দিয়েছি। এছাড়া, শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করেছি।”
তিনি আরো বলেন, “দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ আমি ব্যক্তিগতভাবে বহন করেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের জন্য খরচ করিনি।”
আইয়ুবুর রহমান তৌফিক চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র নির্বাচিত এজিএস। একইসঙ্গে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
