সংবাদ · সাধারণ
ধোবাউড়ায় নেতাই নদীতে সেতুর দাবিতে মানবববন্ধন, ২০ গ্রামের দুর্ভোগ
10/27/2026

একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদীর দুই পাড়ের অন্তত ২০টি গ্রামের মানুষ। নদী পারাপারে ঝুঁকি, শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতায় জর্জরিত হয়ে পড়েছে তাদের দৈনন্দিন জীবন।যোগাযোগব্যবস্থার পাশাপাশি সামাজিক সম্পর্ক ও বিয়ের মতো বিষয়েও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এমন পরিস্থিতিতে নেতাই নদীর মন্দিরঘোনা ঘাটপাড় এলাকায় সেতু নির্মাণের দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে শত শত নারী-পুরুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্থানীয় বাসিন্দারা জানান, সেতু না থাকায় নেতাই নদী পারাপার হতে গিয়ে ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। মন্দিরঘোনা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের দুই ছেলে প্রায় এক বছর আগে মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা থেকে পড়ে মারা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে।যোগাযোগের এই সংকটের কারণে নদীর ওপারের গ্রামগুলোতে ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ এলে যাতায়াত কষ্টের কথা ভেবে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন বলে জানান স্থানীয়রা।কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আনিসুজ্জামান বলেন, ‘নেতাই নদীর ওপারে মন্দিরঘোনাসহ অন্তত ১০টি গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি সেতুর অভাবে এসব গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের সম্পর্কেও জটিলতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে পাত্রপক্ষ নদীর পাড় থেকেই ফিরে যায়।’দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার বলেন, ‘নেতাই নদীর ওপর একটি সেতু নির্মিত হলে দুই ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। সেই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসেবা প্রাপ্তিতে গতি আসবে।’মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, স্থানীয় নেতা শহি, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, প্রবাসী বাবুল মিয়া, মোহাম্মদ শাহ আলম, অভি মান্দা ও হাফেজ মাসুম বিল্লাহ।এলাকাবাসীর দাবি, আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও নদী পারাপারে নৌকার ওপর নির্ভরতা তাদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখছে। কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মন্দিরঘোনা ঘাটপাড় এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের জোরালো আহ্বান জানান তাঁরা।
মূল প্রতিবেদনে যান ↗