আজকাল ওয়েবডেস্ক: ইতিমধ্যেই আরও একটা বড় মাইলফলক অর্জন করে ফেলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বেলেঘাটা–আইটি সেন্টার অংশে সফলভাবে সম্পন্ন হল প্রথম ট্রায়াল রান।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, RVNL কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের সহযোগিতায় এই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এই সাফল্য অরেঞ্জ লাইনের প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো প্রকল্প প্রসঙ্গে এবার ভাল খবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সোমবার জানান, বেলেঘাটা থেকে আইটি সেন্টারের মেট্রো উদ্বোধনের কথা প্রধানমন্ত্রীকে বলবেন।
অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘যেই এর ট্রায়াল শেষ হবে প্রধানমন্ত্রীকে বলব এর যাতে উদ্বোধন করেন।’ এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘সেই সময় এসে এখানকার সন্দেশ খাব।’
কলকাতার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই মেট্রো করিডর। প্রথম ট্রায়াল রান সফল হওয়ায় প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোল। একই সঙ্গে এই ট্রায়াল রানের মাধ্যমে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল ব্যবস্থার পরীক্ষামূলক কাজও শুরু হল।
আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষেই যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে কবি সুভাষ-আইটি সেন্টার রুটে। কিছুদিন আগেই অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সম্পন্ন হয়েছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট এবং ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পুশ ট্রলি পরিদর্শনের মাধ্যমে ট্র্যাক ও পরিকাঠামোর পরিস্থিতিও খতিয়ে দেখা হয়।
প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পটি ২০১০ সালে অনুমোদিত হয়। প্রকল্পটি মোট পাঁচটি পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
https://youtu.be/JwFdq_tA9cE?si=5lo1nxZF9yrsmUn6
এর মধ্যে প্রথম পর্যায়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়(রুবি) এবং দ্বিতীয় পর্যায়ে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে ইতিমধ্যেই যাত্রী পরিষেবা চালু হয়েছে। তৃতীয় পর্যায়ের কাজও পুরোদমে চলছে।
এবার সেই পর্যায় অর্থাৎ বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের কাজও অনেকটাই এগোল। এর আগে চিংড়িঘাটার কাছে কাজ বহুদিন ধরেই স্থগিত ছিল।
অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজও দ্রুত এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। বেলেঘাটা থেকে আইটি সেন্টারের কাজ সম্পূর্ণ হলে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে।
