মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ি নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি ইয়াস জুপিটার থেকে কয়লাবোঝাই করে মোংলায় আসছিল এমভি ফুলবাড়ি। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অন্য একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ি জাহাজকে ধাক্কা দিলে ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল।
তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করবে।
